মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে’; নভেম্বরে সারা দেশে ২১৩টি নাশকতার তথ্য, গ্রেপ্তার ১০০ জন
শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। এ বিষয়ে আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। এ জন্য ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চাইছেন এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এ ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
নভেম্বরে ২১৩টি নাশকতার ঘটনা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
এসব ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মামলা হয়েছে ৬২টি, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ২৭টি এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল ৭২টি
তথ্য উপদেষ্টা জানান, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলসংক্রান্ত ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
তিনি বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণেই মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা-অগ্নিসংযোগের পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা বলেন, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে চারটি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে একটি এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
গ্রামীণ ব্যাংকের শাখায় নাশকতা
সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মামলা হয়েছে আটটি, জিডি হয়েছে ১৯টি এবং গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১১ জন।
বিএনপির কর্মসূচিতে হামলায় নিহত চারজন
উপদেষ্টা জানান, বিএনপির কর্মসূচির ওপর হামলায় এখন পর্যন্ত দলটির চারজন নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে।
তিনি বলেন, যুদ্ধের মধ্যেও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। আওয়ামী লীগের এ ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি ভাগ করা হয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
নড়াইলের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের সমালোচনা
নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনেই স্পষ্ট হয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। তবে ভারতের মূলধারার গণমাধ্যম এ বিষয়ে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচারের অভিযান চালাচ্ছে।
এ ধরনের অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি ভারতের গণমাধ্যম ও সরকারকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা সত্য বলে স্বীকার করেন তিনি। এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান।
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক
সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা ও বিজিবির সতর্কতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত কাজের অংশ। ডিসেম্বরকে কেন্দ্র করে পালিয়ে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার আলোচনা তৈরির চেষ্টা চলছে। এর পরিপ্রেক্ষিতে কোনো অভিযুক্ত অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক রয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারটি হিন্দু বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, প্রতিটি ফৌজদারি অপরাধের বিরুদ্ধেই মামলা হয়েছে। তদন্ত ও গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

