বার্ড হিটের ঝুঁকি মোকাবিলায় অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের উদ্যোগ; বন্দুক কেনা ও শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ
বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা হয়।
বার্ড হিটের ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে সরকার। এ খাতের উন্নয়নে নিরাপদে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাই করে বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। উদ্ভূত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণ করতে হবে।
এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনার ব্যবস্থা গ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ শুরুর নির্দেশনা দেন মন্ত্রী।
নিরাপদ উড্ডয়নে সমন্বিত উদ্যোগের নির্দেশ
সভায় উপস্থিত কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিরাপদ উড্ডয়ন এলাকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

