মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাইবার আইনের কয়েকটি ধারা নিয়ে সন্তুষ্ট কূটনীতিকরা: আইনমন্ত্রী

প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা। একই সঙ্গে কিছু বিধান আরও স্পষ্ট ও উন্নত করার সুপারিশ করেছেন তাঁরা। এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

নাগরিকদের অধিকার সুরক্ষার লক্ষ্যে প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীরা। একই সঙ্গে আইনের অন্যান্য বিধানের উন্নয়নে কিছু সুপারিশও দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শমূলক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘অবশ্যই তারা প্রস্তাবিত আইনের বেশ কিছু বিধানের প্রশংসা করেছেন। তারা দু-একটি সুপারিশও করেছেন, যা আমরা তাৎক্ষণিকভাবে নোট করে নিয়েছি।’

সুপারিশ জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ

আইনমন্ত্রী জানান, অংশগ্রহণকারীরা যাতে প্রস্তাবিত সংশোধনীর খসড়া ভালোভাবে পর্যালোচনা করে নিজেদের পর্যবেক্ষণ প্রস্তুত করতে পারেন, সে জন্য পরামর্শ সভার সাত থেকে ১০ দিন আগেই তাঁদের কাছে খসড়াটি পাঠানো হয়েছিল।

তিনি বলেন, ‘আজ আলোচনার জন্য যে নথিটি ছিল, তা তাদের পরামর্শ সভার প্রায় সাত থেকে দশ দিন আগেই দেওয়া হয়েছিল, যাতে তারা এটি সম্পর্কে জেনে প্রস্তুতি নিয়ে আসতে পারেন এবং তারা সত্যিই প্রস্তুত হয়েই এসেছেন।’

আসাদুজ্জামান বলেন, অংশগ্রহণকারীরা নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। পাশাপাশি যেসব বিধান নিয়ে আরও বিবেচনার প্রয়োজন রয়েছে, সেগুলোও চিহ্নিত করেছেন।

খসড়াটি চূড়ান্ত করার আগে পর্যবেক্ষণগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের আরও লিখিত সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

পরামর্শ প্রক্রিয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপনের আগেই সরকার আপত্তিগুলো শুনতে এবং যৌক্তিক উদ্বেগ নিরসন করতে চায়।

তিনি বলেন, ‘ঠিক আপত্তি রয়েছে বলেই এই পরামর্শমূলক সভার আয়োজন করা হচ্ছে। আমরা এই প্রক্রিয়াটি শুরু করেছি কারণ আমরা সেই আপত্তিগুলো শুনতে চাই।’

মন্ত্রিসভা থেকে ফেরত পাঠানো হয়েছিল খসড়া

আইনমন্ত্রী জানান, মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ওপর প্রস্তাবিত সংশোধনীর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিস্তারিত পরামর্শের জন্য খসড়াটি মন্ত্রিসভা থেকে ফেরত পাঠিয়েছিলেন।

তিনি বলেন, ইতোমধ্যে সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে সুশীল সমাজের সংগঠন এবং ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গেও আলোচনা করা হবে।

আন্তর্জাতিক সর্বোত্তম আইনি চর্চার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে মতামত সংগ্রহের লক্ষ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আইনমন্ত্রী আসাদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

মৌলিক অধিকারের সুরক্ষার আশ্বাস

স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার মৌলিক অধিকারসংক্রান্ত সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই থাকবে।

তিনি নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ১৯(৩) অনুচ্ছেদ এবং বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, নির্দিষ্ট শর্তাধীনে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে এসব বিধানে।

তিনি বলেন, ‘আমরা এই বিধানগুলোর বাইরে গিয়ে কিছু করছি না এবং আমরা তা করবও না।’

অনলাইন কনটেন্ট মুছে ফেলার আদেশ দেওয়া কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়ার বিধান নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার (জুডিশিয়াল রিভিউ) অধীন থাকবে।

তিনি বলেন, ‘ক্ষমতাটি অনিয়ন্ত্রিত রাখা হয়নি।’ এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের আইসিটি মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

আইন প্রণয়নের ভাষায় অস্পষ্টতা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে আসাদুজ্জামান বলেন, সংজ্ঞাগুলো আরও স্পষ্ট করা এবং বিভ্রান্তি তৈরি করতে পারে এমন বিধানগুলো দূর করার কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘বিষয়টি কেবল আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নয়। আসল উদ্দেশ্য হলো সুস্পষ্টতা নিশ্চিত করা এবং অস্পষ্টতা দূর করা।’

সাইবার নিরাপত্তা ও মৌলিক অধিকার একসঙ্গে নিশ্চিতের তাগিদ

পরামর্শ সভায় বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, একটি কার্যকর সাইবার নিরাপত্তা আইনকে মৌলিক অধিকার অক্ষুণ্ন রাখার পাশাপাশি নাগরিক, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা ও জনসেবার ক্ষেত্রে পরিবর্তন আনছে। এর ফলে বাংলাদেশের সামনে অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

তবে অনলাইন প্রতারণা, গুরুত্বপূর্ণ ব্যবস্থায় সাইবার হামলা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ক্ষতিকর কনটেন্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে বলে সতর্ক করেন তিনি। এসব মোকাবিলায় কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, সাইবার নিরাপত্তা ও মৌলিক অধিকার একে অপরকে শক্তিশালী করা উচিত। আইনের কার্যকর বাস্তবায়নে জনগণের আস্থা বজায় রাখাই এ ক্ষেত্রে মুখ্য বিষয়।

আন্তঃসীমান্ত সাইবার হুমকি মোকাবিলায় তথ্য আদান-প্রদান, পারস্পরিক আইনি সহায়তা এবং উপযুক্ত সুরক্ষাকবচসহ আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।

উন্নয়ন সহযোগীদের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, সংশোধনী চূড়ান্ত করার প্রক্রিয়ায় তাঁদের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন