দিঘলিয়ার সেনহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার উৎস ও সরবরাহকারীদের বিষয়ে তথ্য জানতে রিমান্ড চাওয়া হয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাটের গোলারঘাট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার হোসেন শেখের ছেলে মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার ছেলে সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (২৭)।
স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের সন্দেহ
পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে তাঁরা গাঁজা নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিলেন। আটকের সময় তাঁরা একটি মোবাইল ফোন পানিতে ফেলে দেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজার উৎস এবং যাঁদের কাছে সরবরাহের উদ্দেশ্যে তাঁরা সেনহাটি এলাকায় অবস্থান করছিলেন, তাঁদের সম্পর্কে তথ্য জানতে আদালতে গ্রেফতার ব্যক্তিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

