দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তর ও অংশীজনদের সমন্বয়ে ১০টি উপকমিটিসহ মূল কমিটি গঠন করা হয়েছে।
পিরোজপুরে মহান বিজয় দিবস, পিরোজপুর মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন দপ্তর ও অংশীজনদের ভূমিকা এবং সার্বিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসককে সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) সদস্যসচিব করে একটি মূল কমিটি গঠন করা হয়। এ ছাড়া জাতীয় পতাকা উত্তোলন, খেলাধুলা, বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে ১০টি উপকমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম চান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
এ ছাড়া সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

