মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কোনাবাড়ী-শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, ৩২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরী ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা প্রথমে সড়কে নেমে আসেন। পরে ভোগড়া ও নাওজোর এলাকাতেও শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী এবং জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

তিনি জানান, গাজীপুরে সকালে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিক মৃত্যুর গুজবে কোনাবাড়ীতে বিক্ষোভ

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। তাঁদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তাঁরা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাস্টারবাড়ি ও মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন