মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন কঠোর করার উদ্যোগ

গুরুতর অনিয়মে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান রাখার প্রস্তাব; প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করার কথা বলেছেন খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে কোনো অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করা এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন।

কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের নির্দেশ

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কমিটির সভাপতি বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাঁদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন সভাপতি।

খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্য

বৈঠকে জানানো হয়, সারা দেশের খাদ্যগুদামগুলোর মজুত ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে কমিটির পক্ষ থেকে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। পুরোনো ও ব্যবহার অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম স্থাপনের পরামর্শ দেওয়া হয়।

খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

উপকারভোগীর সংখ্যা অনুযায়ী ডিলার নিয়োগ

বৈঠকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ করা চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের নিয়ম পরিবর্তন করা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়। আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। পাশাপাশি আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন