ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একটি খাবারের দোকানে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। প্রাথমিকভাবে বিস্ফোরণের সঙ্গে রান্নার গ্যাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির জনসুরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে হ্যানয়ের ডং ডা সড়কের একটি খাবারের দোকানে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ ও দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভিয়েতনামের অনলাইন সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাতে রয়টার্স জানায়, বিস্ফোরণে খাবারের দোকানটির ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের ভবনগুলোর জানালাও ভেঙে পড়েছে।
রান্নার গ্যাস থেকে বিস্ফোরণের প্রাথমিক ধারণা
দেশটির জনসুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনায় বিস্ফোরণটি রান্নার গ্যাসের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণে আহত ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। এদিকে দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

