মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর যুক্তরাজ্যের নেওয়া নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (ব্রুক)। সংস্থাটি বলেছে, এসব উদ্যোগ রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে ঘোষণার পাশাপাশি পদক্ষেপগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রুক জানায়, আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
ঘোষিত পদক্ষেপের মধ্যে রয়েছে মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ, দেশটির সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগে ৩০ লাখ পাউন্ড সহায়তা।
এ ছাড়া মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্ত ব্যবস্থার (আইআইএমএম) জন্য যুক্তরাজ্যের সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাখাইন রাজ্যের রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তার কথাও জানিয়েছে যুক্তরাজ্য।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উদ্যোগের আহ্বান
ব্রুকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে চলতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে নিরাপত্তা পরিষদের আরেকটি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্রুক বলেছে, এখন ঘোষণাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আইসিজের রায় কার্যকর করার ক্ষেত্রে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শুধু ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না।
সংস্থাটির মতে, মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধের বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি দেশটির সামরিক বাহিনীর অস্ত্র ও অর্থের উৎস বন্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরও জোরদার করা প্রয়োজন।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বপ্রাপ্ত দেশ হিসেবে যুক্তরাজ্যকে আইসিজের রায় বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য পরিষদের সদস্যদের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ব্রুক। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের বক্তব্য ও পর্যবেক্ষণ গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছে সংস্থাটি।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের স্বীকৃতিকে স্বাগত
রাখাইন রাজ্যে আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি স্বীকার করে নেওয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিশেষভাবে স্বাগত জানিয়েছে ব্রুক। সংস্থাটির মতে, রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বাস্তবতা স্বীকারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের প্রত্যাশিত পদক্ষেপ।
এ ছাড়া আইসিজের মামলায় হস্তক্ষেপকারী দেশসহ অন্যান্য সরকারকেও যুক্তরাজ্যের পথ অনুসরণ করে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রুক। সংস্থাটির বক্তব্য, আন্তর্জাতিক বিচার আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া জানানো উচিত।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুন খিনের বৈঠক
ব্রুকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির সভাপতি তুন খিন। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং কমিউনিটির অন্যান্য নেতারা। সেখানে ন্যায়বিচার নিশ্চিত করা ও আইসিজের রায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
এদিন ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে তুন খিন ও তাঁর কাজের প্রশংসাও করেন মিলিব্যান্ড।
তুন খিন বলেন, এসব উদ্যোগ যেন কেবল আদালতের রায়ের পর এককালীন প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থাকে। বরং এটি দীর্ঘমেয়াদি পদক্ষেপের সূচনা হওয়া প্রয়োজন। তাঁর ভাষায়, সরকারগুলো রায়কে স্বাগত জানিয়ে পরে বিষয়টি ভুলে যাবে, এমনটি হতে পারে না।
দশকের পর দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা উল্লেখ করে তুন খিন বলেন, যুক্তরাজ্য পথ দেখাচ্ছে। এখন অন্য দেশগুলোকেও সেই পথ অনুসরণ করতে হবে।

