ঘটনাস্থল থেকে ২৪টি মরদেহ বহনকারী ব্যাগ উদ্ধার; আগুনে পুড়ে মরদেহ শনাক্ত করা কঠিন, ডিএনএ পরীক্ষায় লাগতে পারে ২–৩ সপ্তাহ
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২৪টি মরদেহ বহনকারী ব্যাগ সরিয়ে নিয়েছে। তবে এসব ব্যাগে একাধিক ব্যক্তির শরীরের অংশ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। ফলে অগ্নিকাণ্ডে মোট কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। এতে কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে।
নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান
নিখোঁজ কর্মীদের সন্ধানে সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছেন কর্মীরা। রোববার রাতে অনুসন্ধানকাজ বন্ধ রাখা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। ১৯৮১ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার আগুন লাগার সময় ওই পালায় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
ডিএনএ পরীক্ষায় লাগতে পারে কয়েক সপ্তাহ
একই সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এ কারণে নিখোঁজ কর্মীদের স্বজনদের পাশাপাশি তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শনাক্তকরণের এ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য
পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, তিনতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই তলায় ৬৫ জন কর্মী ছিলেন।
তাদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন এবং আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, একটি মরদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির শরীরের অংশ থাকতে পারে। তাই উদ্ধার করা ব্যাগের সংখ্যা দিয়ে নিহতের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না। এর আগে রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
আগুনের কারণ অনুসন্ধান চলছে
কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে কর্মকর্তারা সতর্ক করেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ার ঝুঁকি রয়েছে।
ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়াজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন। জাতীয় সদর দপ্তরের পাশাপাশি চারটি আন্তর্জাতিক কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে কোম্পানিটি। বিশ্বজুড়ে তাদের ভোক্তার সংখ্যা ২৫ কোটির বেশি।

