মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, চলছে উদ্ধার অভিযান

ড্রোন হামলার পর আগুনে ক্ষতিগ্রস্ত ‘স্পার্টা-২’ জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করেছে। হামলার জন্য ইউক্রেনকে সন্দেহ করছে ফিনল্যান্ড।

রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ড উপসাগরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ‘স্পার্টা-২’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। পরে আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ধারণা, ইউক্রেন এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) জাহাজটি ডুবে যাওয়া ঠেকাতে পানি দিয়ে আগুন নেভানো এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এ কাজে এস্তোনিয়া ও রাশিয়ার উদ্ধারকারী দলও অংশ নিয়েছে। তবে জাহাজটি থেকে আশপাশের নৌযান চলাচল কিংবা মানুষের জন্য কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছেন, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এ ঘটনায় কালিনিনগ্রাদের সরবরাহ ব্যবস্থায় কোনো হুমকি তৈরি হয়নি।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো বলেছেন, ‘যুদ্ধ আমাদের আশপাশেও ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’

যেভাবে হামলার ঘটনা ঘটে

ফিনল্যান্ডের কোস্টগার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে তারা হামলার খবর পায়। ওই সময় জাহাজটি ফিনল্যান্ড উপসাগরে সুসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে আকাশ ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

এদিকে, ঘটনার পরপরই একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। উদ্ধার অভিযান কিংবা নজরদারির সঙ্গে হেলিকপ্টারটির উপস্থিতির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জাহাজটির নাবিকেরা উদ্ধারকারী রুশ জাহাজকে জানান, তাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, নাবিকদের অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। সেটি ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় স্পার্টা-২

উল্লেখ্য, স্পার্টা-২ জাহাজটি ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছরের শুরুতে ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়। জাহাজটি রাশিয়ার একটি প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১১ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি সামরিক নির্মাণ খাতে কাজ করছে।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে বাল্টিক সাগর অঞ্চল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম উত্তেজনাপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে ইউক্রেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন