সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

১১ বোর্ডে আবেদনকারীদের ১১.৪৫ শতাংশের ফল বদলেছে; সর্বোচ্চ পরিবর্তন ময়মনসিংহ বোর্ডে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) এবং আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

১১ বোর্ডে আবেদন ২ লাখ ৯১ হাজারের বেশি

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেন। এসব বোর্ডে ২৮ হাজার ৩৬১ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীদের ১০ দশমিক ৮৩ শতাংশ।

সাধারণ বোর্ডে সর্বোচ্চ পরিবর্তন ময়মনসিংহে

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। তাঁদের আবেদনের পত্রসংখ্যা ছিল ৭১ হাজার ৭৬২টি। ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি পত্রের জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীদের ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। তাঁদের আবেদনের পত্রসংখ্যা ছিল ৯২ হাজার ৭৭৬টি। ফল পরিবর্তনের হার ১২ দশমিক ১৭ শতাংশ।

বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ), দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের (৯ দশমিক ১৬ শতাংশ) এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৯০৯ জনের (৭ দশমিক ২৬ শতাংশ), সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জনের (৯ দশমিক ৩৭ শতাংশ) এবং রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের (২ দশমিক ৪৮ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফল

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীদের ৯ দশমিক ৪৯ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি পত্রের জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে, যা ২২ দশমিক ১৩ শতাংশ।

মূল পরীক্ষায় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ

এর আগে গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন শিক্ষার্থীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন