সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জমির দখল বুঝিয়ে দিতে ঢোল পিটিয়ে আদালতের আদেশ ঘোষণা

রায় বাস্তবায়নে লাল পতাকা টাঙিয়ে ঢোল বাজিয়ে আদেশ ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দে জমিসংক্রান্ত মামলার রায় বাস্তবায়ন করে বাদীকে জমির দখল বুঝিয়ে দিয়েছে আদালত। এ সময় ঢাকঢোল পিটিয়ে আদালতের আদেশ ঘোষণা করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে সেখানে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করেন।

আদালতের নির্দেশনায় রায় বাস্তবায়ন

আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন কোর্ট পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা রায় হওয়া জমির চারপাশে লাল পতাকা টাঙিয়ে দেন।

পরে জারিকারক মো. জাহিদ প্রামাণিক উপস্থিত লোকজনের সামনে আদালতের আদেশ পড়ে শোনান। এরপর ঢুলি রতন রবি দাস ঢাকঢোল পিটিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করেন।

যে জমি নিয়ে মামলা

আদালত সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ৫৯৯৩ নম্বর দাগে থাকা ৬৪ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশের মালিকানা নিয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজবাড়ীর আদালতে ৩৪ নম্বর মামলা করেন দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার হাবিব ফকির।

মামলায় বিবাদী করা হয় একই গ্রামের জিয়া সরদার, আলামিন সরদারসহ অন্যদের। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত বাদীর পক্ষে রায় ঘোষণা করেন। তবে ডিক্রি পাওয়ার পরও বিবাদীদের বাধার কারণে জমির দখল নিতে পারছিলেন না বাদী।

পরে জমির দখল বুঝে পেতে আদালতের সহযোগিতা চেয়ে ২০২৬ সালের ১ নম্বর জারি মামলা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর আদালতের বিচারক বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আপত্তি থাকলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ

জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে রায় বাস্তবায়ন করা হয়েছে। এ সময় কোনো ধরনের বিপত্তি ঘটেনি। বিবাদী পক্ষের কোনো আপত্তি থাকলে তারা উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালত থেকে পক্ষে রায় না পাওয়া পর্যন্ত তাঁরা ওই জমিতে যেতে পারবেন না।

জারিকারক জাহিদ প্রামাণিক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জমির দখল বুঝিয়ে দেওয়ার সময় বিবাদী পক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তাঁদের কেউ উপস্থিত ছিলেন না। তাই তাঁদের বাড়িতে গিয়ে আদালতের রায় পড়ে শোনানো হয়েছে।

৪০ বছর ধরে ঢাকঢোল পিটিয়ে আদেশ ঘোষণা

ঢুলি রতন রবি দাস বলেন, বাবা ও ঠাকুরদাদার পেশা ধরে রেখে প্রায় ৪০ বছর ধরে তিনি ঢুলির কাজ করছেন। আদালত থেকে তলব করা হলে ঘটনাস্থলে গিয়ে ঢোল পিটিয়ে আদালতের আদেশ ঘোষণা করেন। এটি তাঁর স্থায়ী চাকরি নয়। ডিক্রিপ্রাপ্ত পক্ষ খুশি হয়ে যা দেন, তা-ই তিনি নেন।

আদালতের রায় বাস্তবায়নে ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়ার এ রেওয়াজ ব্রিটিশ আমল থেকে চলে আসছে বলেও জানান তিনি।

রায়ে সন্তুষ্ট বাদী

মামলার বাদী হাবিব ফকির বলেন, আদালতের রায় বাস্তবায়ন করে জমির দখল বুঝিয়ে দেওয়ায় তিনি আদালতের প্রতি সন্তুষ্ট। বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন