মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মালদ্বীপের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের হাইকমিশনার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইব্রাহিম লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় হয়।

অভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বৈঠকে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিষ্ঠিত বহুপক্ষীয় প্ল্যাটফর্মের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

সিএসসির মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো সামুদ্রিক নিরাপত্তা, আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলাসহ অভিন্ন নিরাপত্তা অগ্রাধিকার নিয়ে কাজ করে থাকে।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠেয় সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাউন্সিলের বৈঠককে আঞ্চলিক সংলাপ এগিয়ে নেওয়া, পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিতে সিএসসির মাধ্যমে মালদ্বীপের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের প্রশংসা করেন হাইকমিশনার।

সাক্ষাৎকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুসংহত করা এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান হাইকমিশনার।

তিনি বলেন, ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। এসব অভিন্নতা দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় অবদান রাখতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং গঠনমূলক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির অভিন্ন আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন