অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে উদ্যোগ; সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহলও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবির অধিনায়ক
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট বসানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তজুড়ে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এসব সরঞ্জাম স্থাপন করা হবে বলে জানান তিনি।
সীমান্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ
সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে সীমান্তে বিজিবির তৎপরতা সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
তিনি আরও বলেন, ৫৯ বিজিবির সদস্যরা জেলার শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

