ময়মনসিংহের নান্দাইলের ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি জমা দেন ১৮ বছর বয়সী ওমর ফারুক। আনসার সদস্যদের সন্দেহে যাচাইয়ে ধরা পড়ে জালিয়াতি।
ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে ঢাকার তুরাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। আনসার সদস্যদের সন্দেহ ও সতর্কতায় তাঁর ভুয়া পরিচয়ের বিষয়টি ধরা পড়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. ওমর ফারুক (১৮)।
জানা গেছে, তুরাগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের শৃঙ্খলা ও টোকেন দেওয়ার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মো. আনিসুর রহমান ও মো. সাকিব আল হাসান। এ সময় এক তরুণের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁরা কৌশলে তাঁকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিয়ে যান।
জাল জাতীয় পরিচয়পত্র ও নথি শনাক্ত
প্রাথমিক যাচাই-বাছাইয়ে ওই যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র জাল বলে জানা যায়। পরে জিজ্ঞাসাবাদে ওমর ফারুক স্বীকার করেন, তাঁর বাবার নাম মো. আব্দুল লতিফ এবং তাঁদের আদি বাড়ি মিয়ানমারের উড্ডা অঞ্চলে। বর্তমানে তিনি কক্সবাজারের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন।
পুলিশের কাছে হস্তান্তর
আনসার সদস্যদের সতর্কতায় ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টা নস্যাৎ হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আনসার সদস্যদের বিচক্ষণ ও পেশাদার ভূমিকার প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।

