মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করে তার আইনজীবী জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার আদালতের বিচারক সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী শাহা। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
জামিন আবেদনে বয়স ও অসুস্থতার কথা উল্লেখ
এর আগে জামিন আবেদনে নুরুল ইসলাম নাহিদের বয়স ৮১ বছর উল্লেখ করা হয়। তিনি অসুস্থ এবং বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলেও আবেদনে জানানো হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি ও পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন বলে উল্লেখ করা হয়।
১৯ নভেম্বর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
গত ১৯ নভেম্বর মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নাহিদ। এ ছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে নিজস্ব কর্মীবাহিনী নিয়োগের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

