আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে বিএনপি নেতাদের সুপারিশ আমলে না নিতে প্রশাসনকে নির্দেশ; নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অপতৎপরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তবে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না বর্তমান বিএনপি সরকার বলে জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও যথাযথ তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। একই সঙ্গে এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীর সুপারিশ আমলে না নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অপতৎপরতা দেখা যাচ্ছে। তবে এ কারণে নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না। সুনির্দিষ্ট অভিযোগ ও যথাযথ তদন্তের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তিনি সামাজিক ও রাজনৈতিক নেতাদের নিজ নিজ এলাকায় সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে আলোচনা
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং মাহমুদা আলম মিতু।
সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও দুর্নীতি দমনে করণীয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া দপদপিয়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা এবং সড়কে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন যারা
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

