চলতি বছর প্রাণহানি বেড়ে ৫২০, বর্তমানে হাসপাতালে ভর্তি ৪ হাজার ৯২৯ রোগী
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা বিভাগের একজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
হাসপাতালে ভর্তি ৪ হাজার ৯২৯ রোগী
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী।

