চৌদ্দগ্রামে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানে আঘাত লাগে অটোরিকশার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) এবং শফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।
যেভাবে ঘটল দুর্ঘটনা
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফ ও মতিনকে মৃত ঘোষণা করেন।
যানবাহন জব্দ, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

