ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগে পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে ঘষামাজার মাধ্যমে ফেল করা প্রার্থীকে পাস দেখানোর অভিযোগ প্রমাণিত
পূর্ব রেলের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দুর্নীতির মামলায় বাংলাদেশ রেলওয়ের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতদের মধ্যে পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক সোশাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম কিবরীয়াকে তিন বছর এবং ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি জানান, গোলাম কিবরীয়া অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে ইউসুফ আলী মৃধা পলাতক।
এ মামলার অপর তিন আসামি রেলওয়ের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী এবং নিয়োগপ্রার্থী শহীদুল ইসলাম ও ইলিয়াস হোসেনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে ঘষামাজা করে ফেল করা প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এ ক্ষেত্রে এক প্রার্থীকে আট নম্বর গ্রেস দিয়ে পাস দেখানো হয়। পাশাপাশি জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়।
ট্রেড অ্যাপ্রেন্টিসের ৪০০টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন ৩৮ হাজার ৩১৭ জন। বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন। পরে মৌখিক পরীক্ষার জন্য ১ হাজার ২২৫ জন প্রার্থীকে চিঠি পাঠানো হয়।
২০১২ সালে মামলা, সাক্ষ্য দেন ১৬ জন
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলাটি করেন।
অভিযোগপত্র জমা দেওয়ার পর ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।
এর আগে রোববার পূর্ব রেলের রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির আরেকটি মামলায় ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরীয়াকে সাজা দেন আদালত।

