২৯ বা ৩০ নভেম্বর শুরু হতে পারে তিন দিনের সংলাপ; প্রথম ধাপে ভোট ২০২৭ সালের ২১ জানুয়ারি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপসহ নির্বাচনের আগের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে চায় কমিশন।
ইসির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও এ কার্যক্রম শুরু করতে পারে কমিশন।
তফসিল ঘোষণার আগে সংলাপ ও আইনশৃঙ্খলা সভা
ইসি কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি তৈরি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
ইসির কর্মকর্তারা আশা করছেন, তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসি কর্মকর্তারা মনে করছেন, পরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপাতত কোনো বাধা নেই। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকার, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলের সঙ্গে তিন দিনের এ সংলাপ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে।
তিনি বলেন, ‘ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি।’
ইসি আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, নির্বাচনের আগে কেন্দ্রীয়ভাবে এবং এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হবে। ভোট শুরু হলে মানুষ নির্বাচনের দিকে ঝুঁকবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১০ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় কমিশন
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আইনশৃঙ্খলা-সংক্রান্ত একটি সভাও হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট
পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। নভেম্বরের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।

