সচিবালয়ে বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের বিচার দাবি তুলতে পারে দলটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন এনসিপির নেতারা।
নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
যেসব দাবি তুলতে পারে এনসিপি
এনসিপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি।
এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
এর আগে শফিকুর রহমানের সঙ্গে বৈঠক
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।

