নজরুল বর্ষে ওমর খৈয়ামের রুবাই ও কাজী নজরুলের অনুবাদ-গানে তার প্রভাব নিয়ে গবেষণা উপস্থাপন
আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে আবারও প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। নজরুল বর্ষে তার গবেষণার বিষয় নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই এবং কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে তার প্রতিধ্বনি।
সোমবার (২৩ নভেম্বর) তিনি ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
ফারসি সাহিত্য ও বাংলা সাহিত্যের যোগসূত্র
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুমিত। এবার তার গবেষণার কেন্দ্রে রয়েছেন ওমর খৈয়াম।
ফারসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্যের যোগসূত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই তার গবেষণা ও উপস্থাপনার অন্যতম উদ্দেশ্য।
অধ্যাপক মুমিতের গবেষণার আরেকটি লক্ষ্য বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বিশ্বপরিসরে পরিচিত করে তোলা। নজরুল ছাড়াও এ পর্যন্ত লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত ও হেলাল হাফিজকে নিয়ে তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন তিনি। বিশেষ করে ফারসি ভাষায় এসব গবেষণা উপস্থাপনের মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি
অধ্যাপক মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
বাংলা, ইংরেজি ও ফারসি ভাষায় দেশে-বিদেশে তার ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান ও ভারতে প্রকাশিত হয়েছে তার গবেষণাকর্ম। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর ছাড়াও চীনের সাংহাই ও বেইজিং এবং ইরান, তুরস্ক, ভারত, আজারবাইজান ও তাজিকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।
ওমর খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও রয়েছে তার গুরুত্বপূর্ণ গবেষণা। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।
প্রকাশিত গ্রন্থ ও সাহিত্যচর্চা
ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র ও প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন তিনি।
কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার ‘ইরানের পথে-প্রান্তরে’। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। এ ছাড়া অ্যাডর্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইরানি প্রেমের গল্প’।

