মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্ক-অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে আহ্বান রাষ্ট্রপতির

ষুধ, চামড়া, সিরামিক, পাটজাত পণ্য আমদানির অনুরোধ; মোটরসাইকেল, ইলেকট্রনিকস ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামের উদ্যোগ কামনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

এর আগে সকালে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান

রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের কাছে নিজের শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক এবং মানসম্পন্ন।

এ বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

অন্যদিকে, রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগের কথা জানান।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ভিয়েতনামের বিনিয়োগকারীদের বাংলাদেশে মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ ছাড়া বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেশটি সফরের আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা

রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন।

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। রায়ের পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন