সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

একসময়ের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার

২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পেয়েছিলেন একসময়ের শীর্ষ সন্ত্রাসী; ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

রাজধানীর একসময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাসপোর্ট ব্লক থাকায় গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২২ নভেম্বর) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন ৬২ বছর বয়সী আসলাম। এ সময় ইমিগ্রেশন পুলিশের চেকিংয়ে তাঁর পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

সূত্রের দাবি, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর গত এক মাস ধরে আসলামের ওপর নজরদারি করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বিদেশে যাওয়ার পরিকল্পনা এবং সম্ভাব্য অপরাধী যোগাযোগের বিষয়গুলোও গোয়েন্দাদের নজরে ছিল।

এবারের বিদেশযাত্রার উদ্দেশ্য কী ছিল, কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং সাম্প্রতিক সময়ে পুরোনো অপরাধী নেটওয়ার্কের সঙ্গে কোনো সম্পৃক্ততা তৈরি হয়েছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখতে পারে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা, জামিনের শর্ত এবং নতুন কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর জামিনে মুক্তি

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন সুইডেন আসলাম।

১৯৯৭ সালের ২৬ মে যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর বুলেটপ্রুফ জ্যাকেটসহ গ্রেপ্তার হন তিনি। এরপর দীর্ঘ সময় কারাগারে ছিলেন। হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২২টি মামলা ছিল বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

কে এই সুইডেন আসলাম

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের অন্যতম প্রভাবশালী নাম ছিলেন শেখ মোহাম্মদ আসলাম। ঢাকার নবাবগঞ্জের শেখ জিন্নাত আলীর ছেলে আসলাম বেড়ে ওঠেন রাজধানীর ইন্দিরা রোড এলাকায়। আশির দশকের শেষ দিকে পূর্ব রাজাবাজারে কিশোর শাকিল হত্যাকাণ্ডের অভিযোগের মধ্য দিয়ে অপরাধজগতে তাঁর নাম আলোচনায় আসে।

পরবর্তী সময়ে ফার্মগেট, কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি। প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংঘর্ষ, চাঁদাবাজি, জমি দখল ও হত্যাকাণ্ডের বিভিন্ন অভিযোগে তাঁর নাম বারবার আলোচনায় আসে।

তাঁর প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। দেশে ফেরার পর তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’ শব্দটি।

কারাগারে থাকার সময়ও সহযোগীদের মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিশেষ করে পিচ্চি হান্নানসহ ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজি, জমি দখল ও ভাড়াটে খুনের মতো অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে আসে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন