ঢাকা কলেজের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার কলেজটির দুই শিক্ষার্থী আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার কলেজটির শিক্ষার্থী আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যেভাবে ঘটেছিল বিস্ফোরণ
মামলার অভিযোগে বলা হয়, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বের হয়ে ঘটনাস্থলে যান। পরে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা তিন শিক্ষার্থীকে আটক করেন। এরপর উত্তেজিত শিক্ষার্থীরা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান।
খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের কাছ থেকে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিস্ফোরক আইনে মামলা
এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দুই শিক্ষার্থীকে রোববার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

