সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালালে প্রবাসীর স্মার্টফোন ছিনতাই, আনসারের হাতে আটক নারী

সৌদি আরব থেকে দেশে ফিরেই ছিনতাইকারীদের কবলে পড়েন এক প্রবাসী যাত্রী। তাঁর স্মার্টফোন ছিনিয়ে নেওয়া এবং পকেট থেকে ১০ হাজার টাকা চুরির ঘটনায় আনসার সদস্যদের তৎপরতায় চক্রের এক নারী সদস্য আটক হয়েছেন। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া স্মার্টফোন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সৌদি আরব থেকে আসা প্রবাসী যাত্রী মো. সুমন মিয়া ছিনতাইকারীদের কবলে পড়েন।

ঘটনার বিবরণে জানা যায়, বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় মালামাল রেখে ডলার ভাঙাতে ভেতরে যান সুমন মিয়া। ফিরে এসে সেখানে অবস্থানরত তিন নারীকে তাঁর কাছে সাহায্য চাইতে দেখেন। তিনি সাহায্য করতে অস্বীকৃতি জানালে তাঁদের একজন কৌশলে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা চুরি করেন। অন্য একজন তাঁর হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।

আনসার সদস্যদের তৎপরতায় আটক এক নারী

ভুক্তভোগী যাত্রীর চিৎকার শুনে ক্যানোপি-০২ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মো. মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পরে এলাকার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ পিসি মো. আনিছ এবং মহিলা আনসার সদস্য ফারজানা বেগম ও মোছা. কমলা আক্তারের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত চক্রের এক সদস্য মোছা. পাখি (২২) হাতেনাতে আটক হন। এ সময় অপর দুই নারী টাকা নিয়ে পালিয়ে যান।

আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় প্রবাসী যাত্রীর ছিনিয়ে নেওয়া স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তায় আনসারের তৎপরতা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও বহির্গমনকারী যাত্রীদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।

বিমানবন্দরে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সদস্যদের এ ধরনের তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন