ব্লেন্ডার চালু করার পরপরই বিস্ফোরণের দাবি নিহতের মেয়ের; ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিস্ফোরণে বাসার দেয়ালের একাংশ ধসে গেছে।
রাজধানীর হাজারীবাগে একটি বাসায় বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার খালাতো বোন ফরিদা বেগম গুরুতর দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন পারভিনের মেয়ে ফাতেমা আক্তার উর্মিও।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে।
ব্লেন্ডার চালুর পর বিস্ফোরণের দাবি
নিহত পারভিন বেগমের মেয়ে উর্মির দাবি, ঘরের ভেতরে ব্লেন্ডার মেশিন চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাসার দেয়ালের একাংশ ধসে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের হাসপাতালে ভর্তি
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভিন বেগমের মরদেহ উদ্ধার করে। আহত ফরিদা বেগম ও ফাতেমা আক্তার উর্মিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

