রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কোয়ার্টারের ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম টিবিএসকে বলেন, কোয়ার্টারের ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

