সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের শীর্ষ দুই নেতা

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সফরে শ্রমবাজার, বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদার দেশ মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে ঢাকা সফরে আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সফর ঘিরে প্রস্তুতি শুরু

সূত্র জানায়, বিজয়ের মাসে এশিয়ার এই দুই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সফরগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিতীয় ঢাকা সফর

চলতি বছরের শুরুতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

এবার দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এগিয়ে নিতে আবারও ঢাকা সফরে আসার কথা রয়েছে তাঁর।

আনোয়ার ইব্রাহিমের সফর ঘিরে প্রত্যাশা

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ওই সফর অনুষ্ঠিত হয়।

সেই সফরের ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। তাঁর এ সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন