রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় বেলা ১টায়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই। জনগণের ঐক্য করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা ছাড়া দেশে শান্তি আসবে না।’
জামায়াতের নায়েবে আমীর বলেন, সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগ দল হিসেবে না এলেও নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় আসতে পারে। তারা আবার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। এটি হতে দেওয়া যাবে না। এ পথ বন্ধ করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, দেশ, সীমান্ত এবং জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করতে পারছে না; বরং কোথাও কোথাও উসকানি দিচ্ছে। কার স্বার্থে এবং কাদের খুশি করতে এমন উসকানি দেওয়া হচ্ছে, তা জাতি জানতে চায়।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে হবে। জনগণের ক্ষতি ঠেকাতে দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী মাঠে-ময়দানে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ তুলে এটিএম আজহারুল ইসলাম বলেন, ওই নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছেন—একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটি শপথ নিলেও গণপরিষদের শপথ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এতে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, ‘এখনো সুযোগ আছে। আমরা আহ্বান জানাব, বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।’
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মেনে নেবে না। জনগণের পাশে দাঁড়াবে জামায়াত। সরকারের নেওয়া পদক্ষেপের ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি বলেন, এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে জামায়াত ঐক্যবদ্ধ থাকবে। সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন বক্তব্য দেন।

