রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে হামলাকারীদের গ্রেফতারের দাবি রিজভীর

ফ্যাসিস্টদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের; হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ফ্যাসিস্টরা তাদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। দেশজুড়ে অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন রিজভী।

হামলাকারীদের কঠোর শাস্তির দাবি

বিবৃতিতে রিজভী দাবি করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে হামলা চালায়। এ ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পরও দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুর্বৃত্তরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

তাঁর অভিযোগ, বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও নানা অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছে তারা।

রিজভী আরও বলেন, এসব অপকর্মের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই জায়গা করে নিতে পারবে না। নতুন করে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে তারা নিজেদের পুরোনো চরিত্রই প্রকাশ করছে।

তিনি বলেন, বিএনপি সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে নির্বুদ্ধিতা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে সরকারকে ভয় দেখানো যাবে না।

আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় সরকার যেকোনো মূল্যে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে। এখন আর ধৈর্য দেখানোর সময় নেই।

জুলাই-আগস্টের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ওই সময়ে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী ফ্যাসিস্ট শাসকের কোনো অনুশোচনা নেই। বাংলাদেশের জনগণ সেই ফ্যাসিস্টদের আর কখনো এ দেশের মাটিতে জায়গা দেবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিবৃতির শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন