সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার- ০৩

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মাধ্যমে এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর অবৈধভাবে বাড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল উত্তরপত্রসহ ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।

গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সিআইডি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদুল ইসলাম (২৯), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুজরা এলাকার বাসিন্দা; শাহিদুল আলম জিসান (২৭), চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা; এবং মো. আব্দুল মালেক (৫৬), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার বাসিন্দা।

১১ বিষয়ে নম্বরের ব্যাপক অসংগতি

মামলার এজাহার ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর ফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়।

পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে পাওয়া নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়। মূল মূল্যায়নে পাওয়া নম্বরের তুলনায় প্রকাশিত ফলে ১১টি বিষয়ে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানো হয়েছিল।

নথি অনুযায়ী, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩-এর বিপরীতে প্রকাশিত ফলে দেখানো হয় ৩৩; বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বিপরীতে ৬২; ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩ এবং ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২।

এ ছাড়া গণিতে ৯-এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়।

তদন্তে জালিয়াতির তথ্য, ফল স্থগিত

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে। তদন্তে জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীর প্রকৃত ফল পরিবর্তন করে বেশি নম্বর দেখানোর বিষয়টি উঠে আসে।

এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীর ফল স্থগিত রাখা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরীক্ষার্থীর পক্ষে জবাব দাখিল করা হলেও তা সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ থানায় ২০২৬ সালের ২৯ অক্টোবর মামলা করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(ক) ও ৩৪ ধারার পাশাপাশি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারা যুক্ত করা হয়েছে।

কারিগরি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ

এজাহারে উল্লেখ করা হয়, পরীক্ষার ফল প্রস্তুতের গুরুত্বপূর্ণ কারিগরি কার্যক্রম—স্ক্যানিং ও সলভিং—সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। অভিযোগ রয়েছে, তাঁদের জ্ঞাতসারে ও সার্বিক তত্ত্বাবধানেই ওই পরীক্ষার্থীর ফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়।

মামলার তদন্তভার নেওয়ার পর সিআইডি সংশ্লিষ্ট নথিপত্র, শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, ফল প্রস্তুতের কারিগরি তথ্য-উপাত্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করে।

অন্যদের শনাক্তে তদন্ত চলছে

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তের মাধ্যমে এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

পরীক্ষার ফল প্রস্তুত ও প্রকাশের কারিগরি প্রক্রিয়ায় কীভাবে জালিয়াতি সংঘটিত হয়েছে, কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তা অনুসন্ধান করছে সিআইডি। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন