রবিবার, ২২ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

রংপুর-বড়বাড়ী সড়কে ট্রাকের ধাক্কায় গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম।

নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং একই উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

যেভাবে দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি রেজাউল ইসলাম বলেন, রোববার সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। এ সময় নছিমনে থাকা একটি গরুও মারা যায়।

অন্যদিকে, গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি রেজাউল ইসলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন