শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত; সকাল ১০টা পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর নেই

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস আজও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের কর্মবিরতির মুখে এসব কারখানায় ছুটি দেওয়া হয়। তবে গত বৃহস্পতিবারের মতো আজও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।

সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেশির ভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক

শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সকালেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করে উৎপাদন কার্যক্রমে যোগ দেন।

তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত হামীম গ্রুপের একটি কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টার পরিবর্তে ৭টা নির্ধারণের প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। তাঁরা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচে অবস্থান নেন।

পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামীকাল থেকে যথারীতি সকাল ৮টায় কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়।

এ ছাড়া আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষও আজকের জন্য ছুটি ঘোষণা করে।

১১ কারখানা বন্ধ শ্রম আইনের ১৩(১) ধারায়

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তায় জানান, আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও দুটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তবে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতির মুখে অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন