প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার দায়রা জজ আদালতে, অপ্রাপ্তবয়স্ক দুজনের শিশু আদালতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। মামলার চার আসামির মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
শনিবার (২১ নভেম্বর) মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
পৃথক আদালতে হবে বিচার
কাইমুল হক রিংকু বলেন, মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে।
তিনি আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও আগামী ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও জানান, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে।
যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

