শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পেরুর আন্দিজ অঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা

কম্পন অনুভূত রাজধানী লিমাতেও, তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলের আন্দিজ পর্বত এলাকায় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও গভীরতা

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আন্দিজ অঞ্চলে জুনিন শহরের প্রায় ৩৪ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি কারুয়ামায়ো শহরের মেয়র আবদেল ভেগা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

লিমায়ও অনুভূত কম্পন

ভূমিকম্পের কম্পন রাজধানী লিমাতেও অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

রিং অব ফায়ার অঞ্চলে পেরু

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত পেরু। প্রায় ৪০ হাজার কিলোমিটার বিস্তৃত এই বলয়ে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ফাটল। বিশ্বের অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তি এই অঞ্চলেই।

সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

গত কয়েক মাসে পেরুতে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত আগস্টে দেশটির আন্দিজ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে দুজন আহত হন। এতে বেশ কয়েকটি বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে জুলাইয়ে জুনিন অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন