আগে পুড়িয়ে দেওয়া গাড়িটি প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা ছিল, ফের আগুন দেওয়ার কথা জানিয়েছে পুলিশ
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আল মামুনের বাড়ির প্রাঙ্গণে রাখা একটি গাড়িতে ফের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িতে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
আগেও পুড়িয়ে দেওয়া হয়েছিল গাড়িটি
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িটি উপজেলার ফকিরহাট এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বাড়িতে হামলা ও একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর থেকে পোড়া গাড়িটি বাড়ির আঙিনায় পড়ে ছিল। এবার সেই গাড়িতেই আবার আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির দরজার সামনে রাখা একটি প্লাস্টিকের চেয়ার ও মাটিতে পড়ে থাকা কিছু জিনিসে আগুন জ্বলছে। বাড়ির বিপরীত পাশে রাখা গাড়িটিতেও আগুন জ্বলতে দেখা যায়।
প্লাস্টিকের কভারে আগুন দেওয়ার সন্দেহ পুলিশের
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ২টা থেকে আড়াইটার দিকে আগুন লাগার কথা বলা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশকে কেউ জানায়নি। শুক্রবার রাতে ফেসবুকে ভিডিও দেখে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ওসি বলেন, বাড়ির সামনে থাকা গাড়িটি আগে থেকেই পোড়া ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল। পোড়া গাড়িটি প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা ছিল। কোনো দুর্বৃত্ত সেই কভারে আগুন দিয়ে থাকতে পারে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পোড়া প্লাস্টিক ও পলিথিন পেয়েছে।
বাড়ির দরজার সামনের অংশেও পলিথিনে আগুন দেওয়া হয়েছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

