রবিবার, ২২ নভেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকারীদের জিম্মিদশা থেকে নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশু রয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকা থেকে নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় পালিয়ে যায় চক্রের সদস্যরা

আইএসপিআর জানায়, যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাঁরা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। পরে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যৌথ অভিযান অব্যাহত থাকবে

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন