রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশকে দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২১ নভেম্বর) নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থাকতে হবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

এর আগে শনিবার নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

কালেঙ্গা বাজার উন্নয়নকাজ পরিদর্শন

এদিকে শুক্রবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ইয়াসের খান চৌধুরী।

এ সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং বাজারে বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন