সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

নাগরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল ও পোড়া কাপড় উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, অফিসের কাজ শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় বন্ধ করে চলে যান। পরে রাতের কোনো এক সময় নিচতলার একটি জানালা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

এতে কার্যালয়ের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল ও পোড়া কাপড় পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগুন নিয়ন্ত্রণে আনেন ব্যাংক কর্মকর্তা

ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, ‘ব্যাংকের নৈশপ্রহরীর কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।’

তদন্ত করছে পুলিশ

ওসি মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন