রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

সাত জেলায় বিজিবি মোতায়েন

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

প্রযুক্তিনির্ভর নজরদারি

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা

বিজিবি আরও জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন