জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে টহল
ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও বিভিন্ন এলাকায় তাঁরা দায়িত্ব পালন করছেন।
জেলা আনসার কমান্ডার চন্দন দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সি বাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন।
এ ছাড়া ফরিদপুর শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতের নিরাপত্তায়ও কাজ করছেন আনসার সদস্যরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল
চন্দন দেবনাথ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

