রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অস্ত্রগুলো ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছিল এবং বিক্রির উদ্দেশ্যে খুলনায় নেওয়া হচ্ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ।
অটোরিকশায় তল্লাশি করে অস্ত্র উদ্ধার
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাঁদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
ভারত থেকে আনার দাবি, তদন্ত চলছে
এসপি মামুন অর রশিদ বলেন, এসব অস্ত্র নাশকতার কাজে ব্যবহারের জন্য অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্ট অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

