বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই এলাকার শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।
যেভাবে চালানো হয় অভিযান
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। বিজিবির দাবি, আটক রাশেদ ও বোরহান কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিলেন।
তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরোনো পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
সীমান্তে নজরদারি জোরদারের ঘোষণা
বিষয়টি নিশ্চিত করে ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
দেশের মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

