মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ, পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর
গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মির্জা আজমকে হাজির করতে বিজ্ঞপ্তির নির্দেশ
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি জানান, এ মামলায় ছয় আসামির হাজিরার জন্য রোববার দিন ধার্য ছিল। মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তাঁর স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান পাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ কারণে তাঁরা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন।
এ অবস্থায় মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রসিকিউটর। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য সময় চান তিনি।
পরে ট্রাইব্যুনাল ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর এবং মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।
মামলার ছয় আসামি
আমির হোসেন আমু ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
রোববার সকালে গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা হয়নি।
আগের আদেশ ও অভিযোগ
এর আগে, গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ছয়জনকে হাজির করার নির্দেশ দেওয়া হয় এবং মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

