বাস্তুচ্যুতদের জন্য খাদ্য বহনকারী গাড়িতে ড্রোন হামলায় নিহত ৩, জাবালিয়ায় গুলিতে প্রাণ গেল আরও একজনের। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি হামলা ও গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্যসহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন।
গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পুরুষের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় খাদ্য বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-শিফা হাসপাতাল আরও জানায়, ওই ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ তারা গ্রহণ করেছে। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এ ঘটনা সম্পর্কে মন্তব্য জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি এএফপি।
খাদ্যবাহী গাড়িতে হামলা
ঘটনাস্থলে তোলা এএফপির ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি ভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ির ভেতরে খাবার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
তবে ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
যুদ্ধবিরতি নিয়েও প্রশ্ন
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস নিয়মিত পরস্পরকে দোষারোপ করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে ইসরাইলের সঙ্গে দুই বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
এদিকে, শনিবার মধ্য গাজার বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নিতে জড়ো হন।
ওই হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করার সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
হামলায় নিহত ব্যক্তিদের একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করে প্রশ্ন করেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’
তিনি এএফপিকে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে। অথচ এখনকার দিনগুলো প্রকৃত যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ।’
যুদ্ধবিরতির পরও প্রাণহানি
এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের কর্তৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। জাতিসংঘের বিবেচনায় এসব পরিসংখ্যান নির্ভরযোগ্য।
একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

