সর্বশেষ সামরিক প্রস্তুতি ও ক্ষেপণাস্ত্রের অগ্রগতি সম্পর্কে অবহিত হলেন আহমদ ভাহিদি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শন করেছেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি।
বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনের সময় ভাহিদির সঙ্গে ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
সামরিক প্রস্তুতি সম্পর্কে অবহিত
পরিদর্শনকালে আইআরজিসি প্রধানকে অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ সামরিক প্রস্তুতি এবং ক্ষেপণাস্ত্র বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
১০ নভেম্বর উদ্বোধন নতুন ক্ষেপণাস্ত্র শহর
তাসনিমের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স নতুন একটি ক্ষেপণাস্ত্র শহর উদ্বোধন করে। এ উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে সেখানে মজুত করা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা দেখানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ক্ষেপণাস্ত্র শহরটিতে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থা সাজিয়ে রাখতে দেখা গেছে।

