সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অর্থনীতি ও জ্বালানি সহযোগিতা বাড়াতে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

নয়াদিল্লিতে বালেন্দ্র শাহকে লালগালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার; মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

অর্থনৈতিক ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারত সফর করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শাহকে লালগালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার দেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদির সঙ্গে সাক্ষাৎ

সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রীকে সামরিক গার্ড অব অনার দেওয়া হয়। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বালেন্দ্র শাহ। এ সময় কালো পোশাক ও পরিচিত সানগ্লাস পরা ছিলেন শাহ। অন্যদিকে, মোদি ছিলেন সাদা পোশাকে। দুই নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে নয়াদিল্লি ও কাঠমান্ডুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

রোববার ভারতে পৌঁছে নেপালের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, ট্রানজিট সুবিধা এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত দেশ নেপালের জনসংখ্যা প্রায় তিন কোটি। দীর্ঘদিন ধরেই দেশটিকে প্রতিবেশী দুই বৃহৎ শক্তি ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যার আর্থিক পরিমাণ প্রায় ৮৬০ কোটি ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ প্রায় ১৮০ কোটি ডলার, যা দেশটির মোট আমদানির ১৩ শতাংশ।

র‍্যাপার থেকে প্রধানমন্ত্রী

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ একসময় র‍্যাপার হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের পর তিনি ক্ষমতায় আসেন। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমদিকে পূর্বসূরিদের মতো বিদেশ সফরে যাননি শাহ। গত সেপ্টেম্বরে তিনি নিউইয়র্ক সফর করেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ

শাহের নিউইয়র্ক সফরের সময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা করছিল। দেশটির উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ ও পাহাড় ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং পাঁচ হাজার মানুষ নিখোঁজ হন।

মূলত গ্রামীণ অর্থনীতিনির্ভর নেপালের বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান খুবই সামান্য। তবে ওই দুর্যোগের পর দেশটির অবকাঠামো পুনর্নির্মাণে আনুমানিক ৪৭৮ কোটি ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করছে নেপাল সরকার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন